একদিন আগেই বিশ্বকাপের জন্য অধিনায়কের নাম ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। চার বছর ওয়ানডে না খেলা দিমুথ করুনারত্নেকে অধিনায়ক করে বিস্ময়ই উপহার দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। এবার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণায় তার চেয়েও বড় বিস্ময় উপহার দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
একঝাঁক বড় তারকাদের ছাড়াই বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দেশটি।
ইংল্যান্ড ও ওয়েলসে ৩০ মে শুরু হবে বিশ্বকাপ। যে আসরে শ্রীলঙ্কা দলে জায়গা হয়নি নিরোশান ডিকভেলা, দানুশকা গুনাথিলাকা, দিনেশ চান্ডিমাল, উপুল থারাঙ্গা ও আকিলা ধনঞ্জয়ার মতো নিয়মিতদের।
১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন মিলিন্দা সিরিবর্ধনে, জেফরি ভানডার্সি এবং জীবন মেন্ডিস। সিরিবর্ধনে ও ভানডার্সি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন দেড় বছর আগে, ২০১৭ সালের অক্টোবরে। জীবন মেন্ডিস ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে নিজের সর্বশেষ ওয়ানডেটি খেলেছেন।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, লাহিরু থিরিমানে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, জেফরি ভানডারসি, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, জীবন মেন্ডিস, মিলিন্দা সিরিবর্ধনে।
