মিশর চলচ্চিত্র উৎসবে জুরি অ্যাওয়ার্ড পেল টুসির ‘মীনালাপ’

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৮:৫৫ পিএম

মিশরে অনুষ্ঠিত ২১তম ইসমাইলিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ জুরি অ্যাওয়ার্ড জিতেছে সুবর্ণা সেঁজুতি টুসি পরিচালিত চলচ্চিত্র ‘মীনালাপ’। ছবিটি স্বল্পদৈর্ঘ্য ফিকশন ক্যাটাগরিতে দ্বিতীয় সেরা ছবির মর্যাদা অর্জন করেছে এটি। এই আসরে দীর্ঘ ২১ বছর পর আবারও বাংলাদেশের কোনো ছবি পুরস্কার পেল। গত ১৬ এপ্রিল উৎসবের সমাপনী দিনে সুয়েজ খালের তীরে ইসমাইলিয়ার উৎসবস্থলে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। টুসি পুরস্কারটি তার পিতাকে উৎসর্গ করেছেন। টুসি বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি বিস্মিত। আমাকে আরও দূরের পথ অতিক্রম করার প্রেরণা জোগাবে জুরি অ্যাওয়ার্ড। আমি বাবাকে তার জন্মদিনে এই ট্রফিটি উৎসর্গ করলাম।’

উল্লেখ্য, ১৭ এপ্রিল ছিল টুসির পিতা কলামিস্ট, গবেষক, রাজনৈতিক এবং বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মুখপত্র ‘উত্তরণ’ সম্পাদক এবং প্রকাশক ড. নূহ-উল-আলম লেনিনের ৭২তম জন্মদিন। 

গত ১০-১৬ এপ্রিল ২১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে মিশরের ইসমাইলিয়ায়। আয়োজকদের নিমন্ত্রণে গত ১০ এপ্রিল টুসি মিশরে যান। অনুষ্ঠানস্থলে ১৫ ও ১৬ এপ্রিল মোট ২বার প্রদর্শিত হয়েছে টুসির মীনালাপ।  এর আগে ছবিটি আরও ৬টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে কলকাতা দ্বিতীয় দক্ষিণ এশিয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে মীনালাপ জিতে ‘ঋত্বিক ঘটক স্বর্ণপদক’।

নেপাল আন্তরাষ্ট্র চলচ্চিত্র উৎসবে মীনালাপ ‘মাউন্ট এভারেস্ট’, ইউরেশিয়া ফিল্ম ফেস্টিভ্যালে গ্র্যান্ডপ্রিক্স, তাজিকিস্তানে ক্রিটিক অ্যাওয়ার্ড, শিলিগুড়ি ও মুম্বাই চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নেয়। মীনালাপ ২৮ মিনিটের চলচ্চিত্র। সিনেমার গল্প এক নিম্ন মধ্যবিত্ত বাঙালি দম্পতির সংগ্রামী জীবনের বাস্তবতা অভিজ্ঞতা ও তারে স্বপ্ন নিয়ে। মীনালাপ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রযোজনায় নির্মিত।

সুবর্ণা সেঁজুতি টুসি ছোটবেলা থেকে জড়িত মঞ্চ নাটকে। সাংবাদিকতা, টেলিভিশনে উপস্থাপনা আর স্ক্রিপ্ট গ্রন্থনার কাজও করেছেন। পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে ফিল্ম ডিরেকশন ও স্ক্রিপ্ট রাইটিংয়ের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছেন। এর আগে জাদু মিয়া (২০১১), পারাপার (২০১৪) ও পুকুর পাড়সহ (২০১৮) কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। আগামী ২১ এপ্রিল টুসির দেশে ফেরার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত