অগ্নিনিরাপত্তা নিশ্চিতে ডিএনসিসিতে ৩ কমিটি

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১১:২৯ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অগ্নি-নিরাপত্তা নিশ্চিতকরণে ডিএনসিসিতে তিনটি কমিটি গঠিত হচ্ছে। কমিটিগুলো হচ্ছে অগ্নি-নিরাপত্তা নিশ্চিতকরণ কেন্দ্রীয় কমিটি, কারিগরী কমিটি ও পরিদর্শন কমিটি।

তিনি বলেন, ডিএনসিসির সব ভবনে পর্যায়ক্রমে অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার সকালে নগরভবনে অগ্নি-নির্বাপক বিষয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব বলেন তিনি।

মেয়র বলেন, এ লক্ষ্যে সরকারি-বেসরকারি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সবাইকে নিয়ে কাজ করতে হবে।

তিনি জানান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাইকে আহ্বায়ক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। এই কমিটিতে আরও থাকবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক, অগ্নি-নির্বাপক বিশেষজ্ঞ, অগ্নি-নিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি। কারিগরী কমিটিতে মূলত বুয়েটের একজন অধ্যাপকের নেতৃত্বে অগ্নি-নিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হবে। ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণের নেতৃত্বে ইতোমধ্যে গঠিত হওয়া পরিদর্শন কমিটিতে অগ্নি-নিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অন্তর্ভূক্ত করা হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ইমকাই এন্টারপ্রাইজ লিমিটেডের উপদেষ্টা এস এম নুরুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান, মো. গোলাম কিবরিয়া, সিইও, মুনতাসির করিম, ব্যবস্থাপনা পরিচালক, ইমকাই লিমিটেড, মামুন জামান, ব্যবস্থাপনা পরিচালক, এলিভেট গ্লোবাল লিমিটেড প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত