আসন্ন বাজেটে মোটরসাইকেল উৎপাদনকে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। একই সঙ্গে তিনি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি কমানোর প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
আলোচনায় মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতি, বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা অংশ নেন।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘১০-১২ বছর আগে মোটরসাইকেল খাতের যাত্রা শুরু হয়েছে। এরই মধ্যে খাতটিতে যুগান্তকারী পরিবর্তন এনেছি। এখন মোটরসাইকেল তৈরি করছে রানার। হিরো, হোন্ডা ও বাজাজ নিজেরা বাংলাদেশে মোটরসাইকেল তৈরি শুরু করছে। আমাদের মোটরসাইকেল রপ্তানির সুযোগ রয়েছে। এ কার্যক্রম শুরু হলে রপ্তানি তালিকায় নতুন পণ্য যুক্ত হবে।’
গাড়ি তৈরিকেও উৎসাহিত করা হবে বলে জানান তিনি। বলেন, মোটরসাইকেল যেভাবে প্রণোদনা পাচ্ছে, সেভাবে গাড়ি তৈরিতে নীতিমালা হচ্ছে। যারা গাড়ি তৈরিতে এগিয়ে আসবেন তারা এই সুযোগ গ্রহণ করতে পারবেন।
