ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আগামী রবিবার দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জ্বালানি, কৃষিসহ সাতটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ব্রুনাই সফরের সময় দুই দেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হবে। দক্ষিণ চীন সাগরের কোলঘেঁষে অবস্থিত ছোট্ট দেশ ব্রুনাই জ্বালানি তেলে সমৃদ্ধ জানিয়ে আবদুল মোমেন বলেন, ব্রুনাই আমাদের দেশে তেল রপ্তানি করতে আগ্রহী। জ্বালানি ছাড়াও কৃষি সহযোগিতা, কূটনৈতিক
॥ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা ওয়েভার সংক্রান্ত চুক্তি, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, পশুসম্পদসহ মোট সাতটি চুক্তি স্বাক্ষর হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি আমাদের এখানে হালাল খাবারে বিনিয়োগে আগ্রহী। রোহিঙ্গা বিষয়েও আসিয়ান জোটের সদস্য ব্রুনাইয়ের সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি। তিনি বলেন, মিয়ানমারের রাখাইনে সেইফ জোন প্রতিষ্ঠার জন্য আমরা আসিয়ানকে একটি প্রস্তাব দিয়েছি। যাতে রোহিঙ্গারা সেখানে ফেরত যেতে নিরাপদ বোধ করে।
ব্রুনাইতে বর্তমানে প্রায় ২০ হাজার বাংলাদেশি কর্মরত আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটিতে আরও অনেক প্রশিক্ষিত কর্মী প্রেরণের সুযোগ রয়েছে। এ ব্যাপারেও আমাদের মধ্যে আলোচনা হতে পারে। এ ছাড়া বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে দুই দেশের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ইসলামিক রাজতন্ত্র ব্রুনাইয়ের সঙ্গে বর্তমানে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ দুই মিলিয়ন ডলারের নিচে। প্রধানমন্ত্রীর এ সফরে পররাষ্ট্রমন্ত্রীসহ আরও কয়েক মন্ত্রী এবং একটি ব্যবসায়িক প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।
মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ
এদিকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে আগামী মাসে মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ মে মাসের ৩ তারিখ মিয়ানমারের রাজধানী নেইপিদোতে করণীয় ঠিক করতে আলোচনায় বসছে। তবে এ বৈঠক সচিব পর্যায়ে হবে, নাকি জ্যেষ্ঠ কূটনীতিক পর্যায়ে হবেÑ সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি এ কে আবদুল মোমেন।
খালেদা জিয়ার বিষয়ে কিছু জানেন না পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়া জামিন নিয়ে শিগগিরই লন্ডন যাবেন এমন গুঞ্জনের বিষয়ে সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, তার জামিন প্রসঙ্গে এখনো ক্লিয়ার হওয়ার মতো কিছু আসেনি।
