দক্ষ মানবসম্পদ তৈরি ও উন্নয়নকে সামনে রেখে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো অষ্টম আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘এইচআর লিডারশিপ ফর ইমার্জিং ইকোনমি ’।
শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এনএসইউর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সম্মেলনটি।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির বলেন, আমরা এগিয়ে যাচ্ছি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে, বাংলাদেশ আর পিছিয়ে নেই। আর আমাদের এই অগ্রযাত্রায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের দক্ষ এইচআরগণ।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রয়োজন দক্ষ কর্মী ও দক্ষ এইচআর, কারণ তারা জানে অফিসের কোন কর্মচারীকে দিয়ে কোন কাজ ভালোভাবে করানো যাবে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএসএইচআরএম প্রেসিডেন্ট মুহাম্মদ মাশেকুর রহমান খান বলেন, দেশকে উন্নত দেশের কাতারে নেয়ার জন্য প্রয়োজন পৃথক মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। এছাড়া তিনি এসময় একটি এম্পাওয়ারমেন্ট আইন করারও দাবি জানান।
এর আগে মানবসম্পদ পেশাজীবীদের এই মিলন মেলায় মূল প্রবন্ধ পাঠ করেন আমেরিকার নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির প্রফেসর ড. আল্যান বার্ড। পরে মানব সম্পদ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য মানব সম্পদ বিশেষজ্ঞ মোনোয়ার আহামেদ এবং মরহুম এস এ হককে আজীবন সম্মাননা দেয়া হয়।
সম্মেলনে বিএসএইচআরএম এর অ্যাসোসিয়েট মেম্বার ফারহানা রহমান ঊর্মি বলেন, ‘এইচআরদের এ রকম সম্মেলন খুবই জরুরি। একদিকে যেমন আমাদের নেটওয়ার্ক বিল্ড আপ হয় অন্যদিকে আমরা আরও ভালোভাবে শিখতে পারি জানতে পারি আমাদের কাজের কৌশলগুলো। কারণ একজন এইচআরকে কৌশলের সঙ্গে তার কর্মীদের লিডও করতে হয়’।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়া প্যাসিফিক এইচ আর ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুমেশ দাস গুপ্ত, নর্থসাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এস এ হাশেম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউ আহসান, উপাচার্য প্রফেসর ড. আতিক ইসলাম।
