বাগেরহাটে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০১:৪২ পিএম

বাগেরহাটের রামপালে এগারো বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার শরাফপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে শিশু ধর্ষণের ঘটনায় এজাহার নামীয় দুই আসামি গ্রেপ্তার হল।

এর আগে শুক্রবার দুপুরে শিশুটির এক মামা বাদী হয়ে মাদ্রাসা অধ্যক্ষ ওলিয়ার রহমান ও মুদি দোকানি ফেরদৌস শেখসহ চারজনের বিরুদ্ধে রামপাল থানায় মামলা করলে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দিন দুপুরে পুলিশ ফেরদৌস শেখ (১৮) নামে এক মুদি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ফেরদৌস শেখ রামপাল উপজেলার শরাফপুর গ্রামের লুৎফর শেখের ছেলে। ওলিয়ার রহমান স্থানীয় শরাফপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। তাদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, শনিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রামপাল থানার অফিসার ইনচর্জ (ওসি) মো. লুৎফর রহমান বলেন, “মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তার মামা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আমরা চারজনের মধ্যে মাদ্রাসা অধ্যক্ষ ওলিয়ার রহমানসহ দুজনকে গ্রেপ্তার করেছি। বাকি দুজনকে ধরতে পুলিশ কাজ করছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বলেন, “আমরা মেয়েটির ডাক্তারি পরীক্ষা করেছি। প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এখনই কোনো মন্তব্য করতে পারছি না।”

জানা গেছে, ফকিরহাটে নানা বাড়িতে থেকে রামপাল উপজেলার একটি মাদ্রাসার ছাত্রী নিবাসে থেকে পড়ালেখা করছিল শিশুটি। মাদ্রাসার সামনের মুদি দোকানি ফেরদৌসের সঙ্গে মেয়েটির পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে গত ১১ এপ্রিল রাতে মুদি দোকানি ফেরদৌস সুকৌশলে মেয়েটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত