সিডিএ চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন জহিরুল আলম দোভাষ

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১২:০৬ এএম

২০০৯ সাল থেকে টানা ১০ বছর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের দায়িত্ব পালন করা আবদুচ ছালামের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর জহিরুল আলম দোভাষ ওরফে ডলফিন।

গত ১৭ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত একটি আদেশে দোভাষকে ২ বছর মেয়াদের জন্য সিডিএ চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। আগামী ২৪ এপ্রিল তাকে যোগদান করতে বলা হয়েছে।

জহিরুল আলম দোভাষ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জানে আলম দোভাষের জ্যেষ্ঠ সন্তান। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন। এছাড়া চসিকের ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের চার মেয়াদে (১৯৯৪-২০১৫) কাউন্সিলর ছিলেন এবং চসিকের প্রতিনিধি হিসেবে সিডিএ’র বোর্ড মেম্বারের দায়িত্ব পালন করেছেন।

সিডিএ চেয়ারম্যান পদে নিয়োগের বিষয়ে জানতে চাইলে জহিরুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘নিয়োগের আদেশের কপি এখনো হাতে পাইনি। তবে আমাকে সিডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তা জেনেছি।’

এর আগে ২০০৯ সালের ২৩ এপ্রিল প্রথমবারের মতো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সিডিএ চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন আবদুচ ছালাম। আগামীকাল সোমবার তার সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হবে। আবদুচ ছালাম ২০০৬ সাল থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদেও দায়িত্ব পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত