ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো একসঙ্গে জ্বলে উঠলেন আরেকবার। উদ্বোধনী জুটিতে গড়লেন ১৩১ রানের জুটি। তাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সহজ জয় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
রোববার দিনের প্রথম ম্যাচে কলকাতাকে ৯ উইকেটে হারায় হায়দরাবাদ। এ নিয়ে টানা পঞ্চম হারের স্বাদ পেলে কলকাতা।
নিজেদের মাঠে টস জিতে আগে ফিল্ডিং বেছে নেয় হায়দরাবাদ। দারুণ বোলিং করলেন দলটির বোলাররা। কলকাতা তাই ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রানের বেশি করতে পারেনি। সর্বোচ্চ ৫১ রানের ইনিংসটি খেলেছেন ক্রিস লিন। ৪৭ বলের ইনিংসে ৪টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা। এ ছাড়া ৩০ রান এসেছে রিংকু সিংয়ের ব্যাট থেকে।
হায়দরাবাদের পক্ষে খলিল আহমেদ সর্বাধিক ৩ উইকেট নেন। ২ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার।
জবাব দিতে নেমে ওয়ার্নার ও বেয়ারস্টো দারুণ খেললেন। ওয়ার্নার ৩৮ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৬৭ রান করেন। বেয়ারস্টো অপরাজিত ছিলেন ৮০ রানে। ৪৩ বলের ইনিংসে ৭টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি।
এবারের আসরে ওয়ার্নারের এটি ষষ্ঠ ফিফটি। যার মধ্যে এদিনেরটি টানা চতুর্থ। একটি সেঞ্চুরিও রয়েছে তার। মোট ৫১৭ রান নিয়ে আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন ওয়ার্নার।
বেয়ারস্টো ৯ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৪৪৫ রান নিয়ে আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে।
এদিনের জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে ওঠে এসেছে হায়দরাবাদ। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট তাদের। কলকাতা ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
এদিন টানা ৮ ম্যাচের মতো সাকিব আল হাসানকে একাদশের বাইরে রেখে মাঠে নেমেছিল হায়দরাবাদ।
