সাবেক স্ত্রীকে খুন করে আত্মহত্যা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৩:৫৬ এএম

গাজীপুরের কালিয়াকৈর হরতুকিতলা গ্রামে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন মিকটুলা মিয়া (৩৫) নামে এক ব্যক্তি। আড়াই বছর সংসার করার পর স্ত্রী ফাহিমার সঙ্গে মাস পাঁচ আগে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর গত শনিবার রাতে খুনের ঘটনা ঘটে। নিহত ফাহিমা আক্তার (৩০) শেরপুর সদর থানার মাইকপাড়া গ্রামের ইনতাজ আলীর মেয়ে। মিকটুলা একই থানার মালিনপার গোনাইমিয়া গ্রামের আশকর আলীর ছেলে। ফাহিমা হরতুকিতলা গ্রামের বাদশা মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করত।

ফাহিমার বাবা ইনতাজ আলী বলেন, ‘গ্রামের বাড়িতে সালিশের মাধ্যমে আমার মেয়ের সঙ্গে মিকটুলা মিয়ার বিবাহবিচ্ছেদ হয়। এরপর আর তাদের মধ্যে সম্পর্ক ছিল না। ফাহিমা কালিয়াকৈরে গার্মেন্টসে চাকরি করত। কী কারণে আমার মেয়েকে খুন করল তা বুঝতে পারছি না।’

স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, মিকটুলা মিয়া রাতে ওই বাসায় গিয়ে একটি ছুরি দিয়ে ফাহিমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় ফাহিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মিকটুলা পালানোর চেষ্টা করে। স্থানীয়রা তাকে ধরতে ধাওয়া দিলে নিজের পেটে ছুরি ঢুকিয়ে পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়। পরে মিকটুলা ও ফাহিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত