দায়িত্বে অবহেলা করা রাষ্ট্রদ্রোহিতার সমান: ইসি রফিকুল

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৮:৫৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচন কমিশনার মো.রফিকুল ইসলাম বলেছেন, ভোটার তথ্য সংগ্রহ করা সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্বে অবহেলা করা রাষ্ট্রদ্রোহিতার সমান। সুতরাং তথ্য সংগ্রহকারীদের কেউ দায়িত্বে অবহেলা করবেন না। সঠিক,নির্ভুল তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশনকে সহায়তা করবেন।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ভোটার তথ্য সংগ্রহকারীদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে তথ্য সংগ্রহ করতে হবে। এ দায়িত্বে অবহেলা করা মানে জঘন্যতম অপরাধ। তাই চায়ের স্টলে বা রাস্তাঘাটে বসে তথ্য সংগ্রহ করবেন না। যাতে ভোটারদের পরবর্তীতে ভোগান্তিতে পড়তে না হয় সেভাবে তথ্য নেবেন। ছবি সংবলিত ভোটার তালিকা কার্যক্রমের শুরু থেকে এই পর্যন্ত আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটিকে আমি নিজ সন্তানের চোখে দেখি। আর এই সন্তানের জন্মদাতা হচ্ছেন আপনারা। আপনাদের সঠিক,নির্ভুল তথ্যে একজন ভোটার পাবেন তার জাতীয় পরিচয়পত্র।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো.মফিজ উদ্দিন।

চট্টগ্রামের আনোয়ারায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমর উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মো.রফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত