আইপিএলে টানা আট ম্যাচ ডাগআউটে কাটানোর পর গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশে সুযোগ পান সাকিব আল হাসান। তার ফেরার ম্যাচে হায়দ্রাবাদকে ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই। কেন উইলিয়ামসনের বদলে একাদশে সুযোগ পান সাকিব। ৯৬ রানের ইনিংস খেলে চেন্নাইয়ের জয় সহজ করেন শেন ওয়াটসন।
আগে ব্যাট করে মনীশ পান্ডের অপরাজিত ৮৩ ও ডেভিড ওয়ার্নারের ৫৭ রানে ভর করে ৩ উইকেটে ১৭৫ রান তোলে হায়দ্রাবাদ। জবাব দিতে নেমে শুরুতেই ডু প্লেসিসের উইকেট হারায় চেন্নাই। এরপর ওয়াটসন ও রায়না জুটিতে ওঠে ৭৭ রান। দলীয় ১৬০ রানে ওয়াটসন ফেরেন। তার ৫৩ বলে ৯৬ রানের ম্যাচসেরা ইনিংসে ছিল ৯ চার ও ৬ ছক্কা। শেষে আম্বাতি রাইডুর (২১) ও কেদার যাদবের অপরাজিত ১১ রানে এক বল বাকি থাকতে জয় পায় চেন্নাই।
চলতি আইপিএলে হায়দ্রাবাদের প্রথম ম্যাচে খেলেছিলেন সাকিব। সেই ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে নিয়েছিলেন ১ উইকেট। এরপর থেকে টিম কম্বিনেশনের কারণে বাদ পড়তে হয়। গতকাল কেন উইলিয়ামসন তার দাদির মৃত্যুর খবরে দেশে ফিরে গেলে একাদশে ফেরেন বাংলাদেশ অলরাউন্ডার। ফেরার ম্যাচে বল হাতে চার ওভারে দেন ২৭ রান। এদিকে ২৮ এপ্রিল দেশে ফেরার কথা সাকিবের। তার আগে ২৭ এপ্রিল আরও একটি ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের।
