বিশ্বকাপে ‘আন্ডারডগ’ তকমায় খুশি পাকিস্তান অধিনায়ক

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১০:২৪ এএম

এবারের বিশ্বকাপে ‘আন্ডারডগ’ হিসেবে পাকিস্তান শিরোপার জন্য লড়বে বলে অনেকের মত। এমন তমকায় অখুশি নন দলটির অধিনায়ক সরফরাজ আহমেদ। জানিয়েছেন, বিশ্বকাপের জন্য প্রস্তুত তার দল।

মঙ্গলবার লাহোরে প্রস্তুতি ক্যাম্পের শেষ দিন সাংবাদিকদের সরফরাজ আহমেদ বলেন, “ফেভারিট হিসেবে কোনো দলের বিশ্বকাপে যাওয়াটা আমি একটা সমস্যা হিসেবে দেখি। আমরা ভালো একটি দল। আমরা আন্ডারডগ হিসেবে খেলতে যাচ্ছি। এটা পাকিস্তানের জন্য খুবই ভালো।”

৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর। পরের দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন।

দুই বছর আগেই ইংল্যান্ডের মাটিতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরফরাজের নেতৃত্বেই শ্রেষ্ঠত্ব দেখিয়েছিল পাকিস্তান। ফাইনালে তারা ১৮০ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েছিল তারা।

বিশ্বকাপেও মুখোমুখি হবে দল দুটি। ১৭ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে হবে এরই মধ্যে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুকে থাকা ম্যাচটি।

তবে ভারতের বিপক্ষে ম্যাচটাকে আর দশটা ম্যাচের মতো করেই দেখছেন সরফরাজ, “টুর্নামেন্টের গ্রুপ পর্বে ৯টি ম্যাচ খেলতে হবে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচকেই তাই আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচ হিসেবে দেখছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত