মোবাইল হারিয়ে সাংবাদিকদের তল্লাশীর পর দুঃখ প্রকাশ শমী কায়সারের

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০৪:৫৭ পিএম

রাজধানীর এক অনুষ্ঠানে মোবাইল ফোন হারানোর পর সাংবাদিকদের দেহ তল্লাশীর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই- ক্যাব) প্রেসিডেন্ট শমী কায়সার।

বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে 'বিন্দু ৩৬৫' নামে একটি ট্যুরিজম প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে শমী কায়সারের উপস্থিতিতে চলছিল কেক কাটার আয়োজন। কিছুক্ষণ পরই শমী কায়সার চিৎকার করে বলেন, 'তার দুটি ফোনই হারিয়ে গেছে'। 

শমী কায়সার তখন অনুষ্ঠানে অংশগ্রহনকারী প্রত্যেকের পকেটে তল্লাশি চালিয়ে হলেও ফোন খুঁজে বের করা হবে বলে জনান।

তার এমন বক্তব্যে প্রতিবাদ করে ওঠেন উপস্থিত গণমাধ্যমকর্মীসহ অন্যরা। এ সময় শমী কায়সারের সঙ্গে তাদের কয়েকজনের বাদানুবাদও হয়। 

পরে আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অন্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসময় অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজ দেখে ফোন চোর শনাক্ত করার চেষ্টা করা হয়।

সিসিটিভি ও উপস্থিত টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কেক কাটার সময় কেকের পাশেই থাকা শমী কায়সারের ফোন দুটি চুরি করে নেয় সাদা টি-শার্ট পরিহিত এক তরুণ, ভিডিওতে তার মুখ দেখা যায়নি। 

‘বিন্দু ৩৬৫' প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানে ওই টি-শার্ট পরিহিত অবস্থায় ছিলেন। 

তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, চেহারা দেখা না যাওয়ায় তারা নিশ্চিত হতে পারছেন না আদৌ ওই তরুণ তাদের স্বেচ্ছাসেবী ছিলেন কি না।

তবে পরে শমী কায়সার এ ঘটনায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র তারকা জয়া আহসান, সাংবাদিক মাসুদা ভাট্টি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত