বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন আইনজীবী সৈয়দ সাইয়েদুল হক সুমন। রিটে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ দেশের সব জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে বলে জানান তিনি।
রিটকারী আইনজীবী আরও জানান, প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলোতে অ্যান্টিবায়োটিক বিক্রির ওপরনিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করছেন। রোগীদের চাহিদা ছাড়াও ফার্মেসিগুলো রোগীকে অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছে। ফলে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করায় একপর্যায়ে এসব রোগীর শরীরে অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। সম্প্রতি এ বিষয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত বেশকিছু প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সাইয়েদুল হক সুমন জানান, কার্যতালিকায় এলে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হবে।
