‘নতুন নামে আসলেও রাজনীতি করার অধিকার নেই জামায়াতের’

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৬:৪৮ পিএম

নতুন নামে আসলেও জামায়াতে ইসলামীর রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

জাতীয় নেতা শেরে বাংলা এ.কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তিন নেতার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে হানিফ এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের সংস্কারপন্থীদের উদ্দেশ্য কী? তারা মুক্তিযুদ্ধের সময়ের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে কি না, সেসব বিষয়ে পর্যবেক্ষণ করা যেতে পারে।

এ বিষয়ে হানিফ বলেন, “খোলস পাল্টে নতুন নামে আসলেও জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নেই।”

বিএনপির সংসদ সদস্যদের সংসদে যোগ দেওয়ার বিষয়ে সরকারের চাপ রয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, শপথের বিষয়ে বিএনপির এমপিদের ওপর সরকারের কোনো চাপ নেই। তারা নৈতিক দায়িত্ব থেকে শপথ নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত