ডোমসার প্রাথমিক বিদ্যালয় পাচ্ছে নতুন ভবন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১০:৩৩ পিএম

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের চর ডোমসার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য এক লাখ টাকা দিয়েছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। গত বৃহস্পতিবার ওই টাকা স্কুল কর্র্তৃপক্ষকে দেওয়া হয়েছে।

এ ছাড়া শরীয়তপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়টিতে আট বান টিন ও ৪৪ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। অন্যদিকে বিদ্যালয়ের সভাপতি বাবুল তালুকদার চার হাজার ইট দেবেন বলে আশ্বাস দিয়েছেন। এর আগে গত ২৫ এপ্রিল ‘খোলা আকাশের নিচে পাঠদান’ শিরোনামে দৈনিক দেশ রূপান্তরে সংবাদটি প্রকাশ হয়।

শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুর রহমান বলেন, ‘এমপি মহোদয় আমার মাধ্যমে চর ডোমসার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের জন্য এক লাখ টাকা দিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও টিন ও আর্থিক সহযোগিতা করা হয়েছে।’ তিনি জানান, এরই মধ্যে স্কুলে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। স্কুলটি জাতীয়করণ করতে প্রশাসন সহযোগিতা করবে।

২৫ এপ্রিল ওই সংবাদটি প্রকাশ করায় দেশ রূপান্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডোমসার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তার।

প্রসঙ্গত, শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের চর ডোমসার, ভাসকদ্দি ও বেদেপল্লী গ্রামে স্কুল না থাকা গ্রামগুলোর মানুষের কথা চিন্তা করে ১৯৭০ সালে স্থানীয় সিরাজুল হক মোল্লা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ১৫০ জন। শিক্ষক রয়েছেন তিনজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত