বাংলাদেশের অফিশিয়াল বিশ্বকাপ জার্সি চান? ১১৫০ টাকা নিয়ে তৈরি থাকুন। আগামীকাল হয়তো বাংলাদেশ দলের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে। তারপর নির্দিষ্ট অনলাইন শপ ও কিছু আউটলেট থেকে কিনে নিতে পারবেন।
বাংলাদেশ দলের জার্সি বিক্রির স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ গতকাল বিকেলে গুলশানের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করল। সেখানে তারা জানাল, জাতীয় দলের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলেই তাদের বিক্রি শুরু হবে।
দুটি ব্র্যান্ড অঞ্জনস ও জেন্টলপার্কের প্রায় শতাধিক আউটলেটে বিক্রি হবে জার্সি। অনলাইনে কিনতে হলে ক্রিকশপ বিডি ও জার্সি ফ্রিক বিডির কাছে যেতে হবে। এছাড়া ডিমানি অ্যাপের মাধ্যমেও কেনা যাবে অফিশিয়াল জার্সি। জার্সি বিক্রির কাজ করবে রবিন স্পোর্টসও। কেউ চাইলে কাস্টোমাইজ করিয়ে নিতে পারে জার্সি। বিশ্বকাপ চলাকালে লন্ডনের কয়েকটি শপ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে জার্সি কিনতে পারবেন প্রবাসীরা। মূল জার্সির পাশাপাশি অ্যাওয়ে জার্সিও মিলবে।
এক বছরের জন্য ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই জার্সি বানানো ও বিক্রির স্বত্ব পেয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ। তাদের অনুরোধ, ক্রেতারা যেন কপি জার্সি না কেনেন। যারা তা বিক্রি করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেবে প্রতিষ্ঠানটি। প্রসঙ্গত, এই প্রথম বাংলাদেশ ক্রিকেট দলের অফিশিয়াল জার্সি
এভাবে আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হচ্ছে।
