বাংলা চলচ্চিত্র বর্তমানে একটি সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে দেশের অনেক নামি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এমন সময়ে বাংলা সিনেমাকে পৃষ্ঠপোষকতা করে দেশ ও দেশের বাইরে এগিয়ে নিয়ে যাওয়ার মতো প্রতিষ্ঠানের সংখ্যা এখন খুবই কম। তাই গুণগতমানের চলচ্চিত্র দর্শকদের উপহার দিতে ‘সিনেবাজ ফিল্মস’ যাত্রা শুরু করতে যাচ্ছে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আরও উপস্থিত ছিলেন ‘সিনেবাজ ফিল্মস’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাম ইসলাম, চেয়ারপারসন জ্যোৎস্না ইসলাম, ক্রিয়েটিভ ডিরেক্টর চিত্রনির্মাতা ইফতেখার চৌধুরী, ডিরেক্টর অফ কমিউনিকেশন অভিনেতা স্বাধীন খসরু, কনসালটেন্ট রমিম রায়হান ও মিউজিক সুপারভাইজার আহমেদ হুমায়ূন, গায়িকা মেহরীন, চিত্রনির্মাতা ওয়াজেদ আলী সুমন, দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়ক ড্যানি সিডাক, বাপ্পি চৌধুরী, রোশান, চিত্রনায়িকা ববি, জলি, রাহা তানহা খানসহ অনেকেই উপস্থিত ছিলেন। জানা গেছে-এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘পিকনিক’, ‘বিফোর ডন’সহ বেশ কিছু নতুন সিনেমা শুরু হতে যাচ্ছে।
×
