যুক্তরাষ্ট্রে পোশাকের উপযুক্ত দাম চায় বাংলাদেশ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১২:২৯ এএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। কারখানাগুলো আধুনিক, পরিবেশ ও কর্মবান্ধব হয়েছে। অগ্নি ও ভবনের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার ও উপযুক্ত মজুরি নিশ্চিত করা হয়েছে। এসব কাজে প্রচুর বিনিয়োগ করতে হচ্ছে উদ্যোক্তাদের। ফলে পোশাকের উৎপাদন ব্যয় বেড়েছে। সে তুলনায় ক্রেতারা দাম বাড়াচ্ছে না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের বড় রপ্তানি বাজার। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের উপযুক্ত মূল্য নিশ্চিত করা এখন জরুরি।

গতকাল রবিবার ঢাকা সফররত যুক্তরাষ্ট্র সরকারের ডেপুটি অ্যাসিসটেন্ট ইউএসটিআর জেবা রিয়াজউদ্দিনের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইয়াল আর মিলারসহ টিকফা মিটিংয়ে অংশগ্রহণকারী ১২ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত বছর ১৩ সেপ্টেম্বর ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম অ্যাগ্রিমেন্ট (টিকফা) কাউন্সিলের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। গতকাল ওই সভার মধ্যমেয়াদি অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ পরিবেশ, ব্যবসা সহজ করা, ন্যায্যমূল্য, শুল্ক ও অশুল্ক বাঁধা, মেধাস্বত্ব অধিকার, প্রযুক্তি স্থানান্তর, ডিজিটাল ইকোনমি, বাণিজ্য সহজীকরণ, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য সম্পৃক্ত দক্ষতা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আমদানি করা তুলার দ্বৈত ফিউমিগেশন, মেধাস্বত্ব অধিকার, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ বিষয় তুলে ধরেন। বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপক্ষীয় বিষয়ে জিএসপি, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানো, এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো তুলে ধরা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত