ময়মনসিংহের গৌরীপুরে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে সংশ্লিষ্ট থানার এক এসআই’সহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
তারা হলেন গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল, রুহুল আমিন, সহকারী উপপরিদর্শক (এএস.আই) আনোয়ার হোসেন, কামরুল ইসলাম ও কনস্টেবল আল আমিন।
সোমবার বিকেলে গৌরীপুর থানা থেকে তাদের প্রত্যাহার করে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ পুলিশ লাইনসে ক্লোজ করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোববার রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে ফ্লেক্সিলোড ব্যবসায়ী খোকন মিয়াকে (৩০) ইয়াবা বিক্রির অভিযোগে আটক করতে যান গৌরীপুর থানা পুলিশের ওই সদস্যরা।
একপর্যায়ে সাদা পোশাকের পুলিশ সদস্যরা খোকনের দোকানে তল্লাশি শুরু করলে স্থানীয়রা এগিয়ে যান। এরপর খোকনের দোকানে একটি পুঁটলি পাওয়া যায় বলে পুলিশ জানালে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান খোকন ও স্থানীয়রা।
এ সময় খোকনকে থাপ্পড় দিলে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর পুলিশ সদস্যদের ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। একপর্যায়ে সাড়ে ১০টার দিকে থেকে বিক্ষুব্ধরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে।
পরে স্থানীয় অটো-টেম্পো মালিক সমিতি কার্যালয়ে তাদের অবরুদ্ধ করে রাখা হয়।
