কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণের মামলা হাজতির স্ত্রীর

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১১:৫৪ পিএম

রাজবাড়ী জেলা কারাগারে আটক এক হাজতিকে জামিনের প্রলোভন দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণের ঘটনায় এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলাটি করেন ঘটনার শিকার ওই হাজতির স্ত্রী (২৬)।

মামলার অভিযোগে প্রকাশ, সম্প্রতি রাজবাড়ী জুট মিলে কর্মরত তার স্বামী একটি মামলায় জেলহাজতে আটক ছিলেন। গত ১ ফেব্রুয়ারি ওই গৃহবধূ তার স্বামীকে দেখতে জেলা কারাগারে যান। এ সময় সেখানকার কারারক্ষী আনিসুর রহমান আজ্জুল (৩৫) এর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তাকে ৫০ হাজার টাকা দিলে ৭ দিনের মধ্যে জামিন করে দেওয়ার আশ্বাস দেন। পরবর্তী সময়ে ওই কারারক্ষী তাকে উকিলের বাড়িতে কথা বলার জন্য একটি মাহেন্দ্র গাড়িতে উঠিয়ে অজ্ঞাত এক বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এমনকি এক সহযোগীকে দিয়ে ওই ধর্ষণের চিত্র মোবাইল ফোনে রেকর্ড করে রাখে। পরবর্তী সময়ে গত ২৪ এপ্রিল রাতে জেলা কারাগার সংলগ্ন শ্মশানঘাটের ভেতরে নিয়ে সেখানে ভয়ভীতি প্রদর্শন করে দ্বিতীয় দফা ধর্ষণ করে।

এ ঘটনায় ওই গৃহবধূ নিজে বাদী হয়ে রাজবাড়ী নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য ১৩ মে দিন ধার্য করেছে। এ বিষয়ে জেল সুপার আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কারারক্ষীর সঙ্গে ওই হাজতির বাগ্বিত-ার কারণে এ ঘটনা ঘটতে পারে।

রাজবাড়ী জেলা প্রশাসক শওকত আলী জানান, বিষয়টি খতিয়ে দেখতে তিনি জেল সুপারকে নির্দেশ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত