আগের বিকেলে আইপিএল ছেড়ে ভারত থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। গতকাল দুপুরে এসেছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। কিন্তু দুপুরের বিশ্বকাপগামী বাংলাদেশ দলের অফিশিয়াল ফটোসেশনে থাকলেন না। ১৫ সদস্যের বিশ্বকাপ দল তাই ছবিতে অপূর্ণ থেকে গেল সাকিবের কারণে। অলরাউন্ডারের এই অনুপস্থিতি কাম্য ছিল না বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কাছেও। অসন্তুষ্ট হয়েছেন খুব। প্রকাশ দেখিয়েছেন কম। পরিবারের বিব্রত অভিভাবকের মতো বলেছেন, ‘এটাই বাস্তবতা’।
গতকাল মিরপুরে জাতীয় দলের ১৪ জনের বিশ্বকাপ জার্সিতে ফটোসেশন হলো। মাশরাফী বিন মোর্ত্তজার ডেপুটি সাকিবকে ছাড়াই হলো। এবং বিসিবি সভাপতি কী বলবেন, কতটা বলবেন এ নিয়ে তাই বুঝি ভাবছিলেন বলার সময়ও, ‘দুঃখজনক, আর কী বলব? এটা দুঃখজনক, যেহেতু টিম ফটোসেশন ছিল, আমি এসেই জিজ্ঞাসা করেছি। এমনকি আমি এখানে যখন ঢুকি তখন তাকে ফোন করেছিলাম। কোথায় তুমি? বলল আমি তো চলে এসেছি।’ নাজমুল হাসান খেদ নিয়েই বলছিলেন, ‘ও যে এসেছে আমি জানিও না, পত্রিকায় পড়েছি। আমার সঙ্গে যোগাযোগ হয়নি। পরে বলল আপনার বাসায় আসব রাতে। বলেছি, এখন একটু দেখা হোক। বলল আমি তো বেরিয়ে গেছি।’
সাকিবের ওপর তাহলে কারও নিয়ন্ত্রণ নেই! বোর্ডেরও না। ২২ তারিখ জাতীয় দলের ক্যাম্প শুরু হলো। যোগ দেওয়ার জন্য সাকিবকে চিঠি দেওয়া হলো। ভারতে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খেলার সুযোগ ছিল বলে বিসিবি মেনে নিল। কিন্তু ফিরেও এই আচরণ?
কেন? বোর্ডের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নাজমুল হাসানও এই প্রশ্নের জবাব খুঁজেছেন, ‘জিজ্ঞেস করে জানলাম, ওকে আগেই বলা হয়েছে ফটোসেশন আছে। জাতীয় দল যাচ্ছে একসঙ্গে, ফটোসেশনে একসঙ্গে থাকবে। এমনিতেই তো প্র্যাকটিসে ছিল না। এটা আমরা আশা করেছিলাম কিন্তু সে তো নাই। এটাই বাস্তবতা।’
একটা দলে এমন দায়িত্বপ্রাপ্ত ও সিনিয়র একজনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে কারণ না দেখিয়ে অনুপস্থিতিটা কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। এবারও ফেলতে পারে কি না এমন প্রশ্নে কষ্টের হাসি হাসেন নাজমুল হাসান, ‘আমার মনে হয় টিমের অন্যরা এতদিনে অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, এছাড়া আর কী বলব!’ তিনি অবশ্য বলছেন, ‘আমি মনে করি এটা সাকিবের জন্য দুর্ভাগ্য। বিশ^কাপ টিম যাচ্ছে এটার সঙ্গে যে থাকতে পারল না সেটা আমি মনে করি ওরই কপাল খারাপ।’
দল দেশ ছাড়বে ১ মে। গতকাল ক্যাম্প শেষ হলো। দলের সঙ্গে এক দিনও থাকলেন না সাকিব। তাহলে সাকিব দলের সঙ্গে অভ্যস্ত হবেন না তার সঙ্গে অভ্যস্ত হতে হবে দলকে এমন প্রশ্ন উঠতে বাধ্য! এবং তা উঠলেই তীব্র প্রতিবাদ জানিয়ে ব্যাপারটা পরের জন্য তুলে রাখছেন বলে জানিয়ে শেষ করেন নাজমুল হাসান, ‘প্রশ্নই আসে না। টিম যখন পরশু দিন চলে যাচ্ছে এটা নিয়ে এখন আর কিছু বলতে চাচ্ছি না।’
