মর্যাদাসম্পন্ন কর্মপরিবেশ চায় কর্মজীবী নারী

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০৩:০৮ এএম

তৈরি পোশাক কারখানায় নারীদের জন্য নিরাপদ ও মানসম্পন্ন কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন কর্মজীবী নারী।

গতকাল সংগঠনটির উদ্যোগে আয়োজিত ‘পোশাক শিল্প কারখানায় নারীর জন্য নিরাপদ ও নারীবান্ধব কর্মপরিবেশ’ বিষয়ক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে এ আহ্বান জানান সংগঠনটির সাবেক সভাপতি শিরীন আখতার।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ওই সভায় তিনি আরও বলেন, সারা বিশ্বকে পোশাক পরানোর ক্ষেত্রে আমরা প্রথম সারিতে অবস্থান করছি। তবে যারা পোশাক তৈরি করছে, তারা কী অবস্থায় আছে, তাদের মজুরি ও মর্যাদা দেখার দায়িত্ব সরকারকে ও কারখানা মালিকদের নিতে হবে। কারখানায় ‘অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি’ আছে কি-না, অভিযোগ বক্স আছে কি-না তা দেখভাল করার দায়িত্ব নিতে হবে কারখানার শ্রমিকদের।

জাতীয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডেপুটি জেনারেল মো. মতিউর রাহমান বলেন, কারখানায় শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের আগে বিনা বেতনে ছুটি নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। নারী শ্রমিকের কারখানায় ধরে রাখতে বাণিজ্যিকভাবে ডে কেয়ার সেন্টার স্থাপন প্রয়োজন। ৩৫ বছরের ঊর্ধ্বে দক্ষ শ্রমিকদের কারখানায় ধরে রাখা জরুরি বলে তিনি মনে করেন। কর্মজীবী নারীর সভাপতি ড. প্রতিমা পাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত