নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় আসমত আলী (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার ছেলেসহ আহত হয়েছে আরও দুজন। রসুন বিক্রি করতে ভ্যানে করে দাঁড়িখৈর সাহেব বাজারে যাচ্ছিলেন তারা। পথে ধানাইদহ বাজারে পাবনা থেকে নাটোরগামী একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আসমত। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার গড়মাটি গ্রামের বাসিন্দা।
এদিন ভোর ৫টার দিকে নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকায় মোটরচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে আলাউদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সিংড়া উপজেলার বড়বাড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে। গতকাল সকালে ঝিনাইদহের শৈলকুপার শ্রীরামপুর এলাকায় বাসের ধাক্কায় সরওয়ার হোসেন (৫১) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হন। তার বাড়ি কুষ্টিয়ার হরিনারায়ণপুরে। একই দিন সকালে ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী শফিকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এর আগের দিন গত রবিবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেলের ধাক্কায় মিলন (২২) নামে এক পথচারী নিহত হন। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের দুলালের ছেলে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরেÑ
নাটোরের বড়াইগ্রামের ঘটনায় নগর ইউনিয়নের চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু জানান, গতকাল সকালে আসমত আলী ছেলেকে নিয়ে রসুন বিক্রি করতে ভ্যানে করে দাঁড়িখৈর সাহেব বাজারে যাচ্ছিলেন। পথে ধানাইদহ বাজারে নাটোরগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় আসমত ভ্যান থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় তার ছেলে মিজানুর ও প্রতিবেশী বিপ্লব হোসেন আহন হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে সদর উপজেলার ডালসড়ক এলাকায় গতকাল ভোর ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, আলাউদ্দিন ভোরবেলা মাছ কেনার জন্য মোটরচালিত ভ্যানে করে রওনা দেন। ডালসড়ক এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ভ্যানযাত্রী একই গ্রামের অমিত হাসান আহত হন।
ঝিনাইদহের ঘটনায় শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আক্কাচ আলী জানান, সকালে উপজেলার শ্রীরামপুর এলাকায় কুয়াকাটাগামী সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় সরওয়ার হোসেন নিহত হয়েছেন। বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এদিকে ময়মনসিংহের ভালুকার ঘটনায় জানা যায়, গতকাল সকালে বাইসাইকেলযোগে বাসায় ফেরার পথে উপজেলার সিডস্টোর ঢালীবাড়ি মোড় নামক স্থানে ঢাকাগামী একটি ট্রাকচাপায় শফিকুল ইসলাম মারা যান। তিনি উপজেলার হবিরবাড়ি গ্রামের রমজান আলীর ছেলে।
লক্ষ্মীপুরের ঘটনায় কমলনগর থানার ওসি ইকবাল হোসেন জানান, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজিরহাট উপকূল কলেজের সামনে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবকের ওপর পড়ে। এ সময় মোটরসাইকেল আরোহী ফাহিম এবং পথচারী মিলন, শামীম ও আরিফ আহত হন। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ফাহিম ও মিলনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে মিলন মারা যান।
