ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, পুলিশের ৫ সদস্য প্রত্যাহার

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০৪:০৬ এএম

গৌরীপুরে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট থানার এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে গৌরীপুর থানা থেকে তাদের প্রত্যাহার করে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ পুলিশ লাইন্সে ক্লোজ করেন জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই আব্দুল আউয়াল, এএসআই আনোয়ার হোসেন, কনস্টেবল আল আমিন, রুহুল আমিন ও কামরুল ইসলাম। গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী বলেন, ‘তাদেরকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ গত রবিবার রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে ফ্লেক্সিলোডের দোকানি খোকন মিয়াকে (৩০) ইয়াবা বিক্রির অভিযোগে সাদা পোশাকে আটক করতে যান ওই পুলিশ সদস্যরা। তারা খোকনের দোকানে তল্লাশি শুরু করলে স্থানীয়রা এগিয়ে যান। এ সময় পুলিশ সদস্যরা দোকানে ইয়াবার একটি পুঁটলি পাওয়া গেছে দাবি করলে প্রতিবাদ করেন খোকন ও স্থানীয়রা। একপর্যায়ে এক পুলিশ সদস্য খোকনকে থাপ্পড় দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর পুলিশ সদস্যদের ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। রাত সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে। স্থানীয় অটো-টেম্পু মালিক সমিতির কার্যালয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখলে রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের উদ্ধার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত