মঙ্গোলিয়ার বিপক্ষে আগে কোনো প্রতিযোগিতাতেই খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের মেয়েদের। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপে সেই দলটির বিপক্ষেই সেমি-ফাইনাল ম্যাচ স্বাগতিক মেয়েদের। তবে প্রতিপক্ষ অচেনা হলেও তা নিয়ে ভাবছে না বাংলাদেশ। নিজেদের কাজটা ঠিকঠাক করে জয় তুলে নেওয়ার প্রত্যয়ের কথা জানাচ্ছেন স্বাগতিক অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।
শেষ চার নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে অধিনায়ক মৌসুমী বললেন, “সেমি-ফাইনালে লক্ষ্য অবশ্যই জেতা। কারণ সেমি-ফাইনাল জিততে পারলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।”
প্রতিপক্ষ অচেনা। তবে মৌসুমী জানালেন মঙ্গোলিয়াকে নিয়ে ছক কষেছেন তারা। কোচ আলাদা করে ট্রেনিং সেশনও করিয়েছেন, “মঙ্গোলিয়া অবশ্যই আমাদের কাছে অচেনা। এর আগে ওদের সঙ্গে খেলার অভিজ্ঞতা নেই আমাদের। স্যার (কোচ) নিজেই যেহেতু মাঠে থেকে ওদের খেলা দেখেছেন, তাই সেভাবেই তাদের সম্পর্কে আমাদের ধারণা দিয়েছেন।”
এদিকে এ ম্যাচে প্রথম দুই ম্যাচে গোলের দেখা পাওয়া সিরাহ জাহান স্বপ্না ও কৃষ্ণা রানী সরকারকে পাচ্ছে না বাংলাদেশ। কিরগিজস্তানের বিপক্ষে ইনজুরিতে পড়েন দুজনই। সেরা দুই ফরোয়ার্ডের না থাকাকে দুর্ভাগ্যজনক বললেও অন্যরা তাদের অভাব পূরণ করতে পারবেন বলে বিশ্বাস অধিনায়কের।
মৌসুমীর দাবি রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রাও কম যান না, ‘‘স্বপ্না এবং কৃষ্ণা দুজনই অভিজ্ঞ ও আমাদের জন্য গুরুত্বপূর্ন খেলোয়াড়। তাদের ইনজুরিটা আমাদের জন্য দুঃখজনক। আমাদের যে নিউট্রাল খেলোয়াড় আছে, দেখা যায় তারা মাঠে নামলে বুঝা যায় না যে তাদের মধ্যে পার্থক্য আছে। তারা সবাই ১৯-২০। যে যখন আসে, টিমের সঙ্গে মানিয়ে নেয়।”
দুই ম্যাচে দুই গোল করা কৃষ্ণার জায়গায় শুরুর একাদশে থাকবেন মার্জিয়া। অন্যদিকে আরব আমিরাতের বিপক্ষে গোল করা স্বপ্নার জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে সাজেদাকে। মার্জিয়া ও সাজেদা দুজনই প্রথম দুই ম্যাচ খেলেছেন বদলি হিসেবে।
মৌসুমী বলছেন, ‘‘আমাদের ম্যাচ উইন করাটাই গুরুত্বপূর্ণ। ওদের (কৃষ্ণা ও স্বপ্না) মিস করব। তবে যারা আছে তারাও কম না। যে আসবে তখন সে তার সেরাটা দিয়েই খেলার চেষ্টা করবে। আমি আশাবাদি তাদের নিয়ে, যে তারা স্বপ্না ও কৃষ্ণার অভাবটা পূরণ করবে।’’
বাংলাদেশ সেমি-ফাইনালে ওঠেছে ‘বি’ গ্রুপ থেকে সেরা হয়ে। মঙ্গোলিয়া ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নেয়। তাজিকিস্তানকে ৩-০ গোলে হারালেও লাওসের কাছে তারা হজম করে ৫ গোল।
বাংলাদেশ সেখানে আরব আমিরাতের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কিরগিজস্তানকে হারায় ২-১ গোলে। বাংলাদেশ অধিনায়ক মৌসুমী অবশ্য প্রতিপক্ষকে মোটেও দুর্বল ভাবতে চাননা।
“প্রতিপক্ষ সব সময় শক্তিশালী। যেটা আমরা বলে থাকি। আমরা সেই মানসিকতা নিয়ে মাঠে নামব।”
