তিমি মাছকেও সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া!

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১১:৫৫ পিএম

যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য এবার তিমি মাছদেরও সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া! অবাক হওয়ার মতো হলেও, এমনটাই ঘটতে পারে বলে মনে করছেন অনেকে।

সাম্প্রতিক একটি ঘটনা বিশ্বজুড়ে উসকে দিয়েছে এই জল্পনা। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

নরওয়ের একদল জেলে জানিয়েছেন, গত শুক্রবার দেশের উত্তরাংশে অবস্থিত আর্টিক নরওয়েতে মাছ ধরতে গিয়েছিলেন তারা। মুরমানস্কে অবস্থিত রাশিয়ার নৌসেনা ঘাঁটি থেকে ৪১৫ কিলোমিটার দূরে একটি তিমি মাছকে দেখতে পেয়েছিলেন তারা। প্রথমে দ্রুত গতিতে সেটি তাদের বোটের দিকে ধেঁয়ে আসছিল।

কিন্তু হঠাৎই পানির মধ্যে অসুস্থ হয়ে পড়ে সেটি। এরপর পানিতে নেমেই তিমিটিকে উদ্ধার করেন ওই জেলেরা। প্রাণে বেঁচে যায় তিমিটি।

জেলেরা আরও জানিয়েছেন, তখন সেটির গলায় জড়িয়ে ছিল একটি শেকল। যাতে লেখা ছিল ‘ইক্যুপমেন্ট সেন্ট পিটাসবুর্গ’। যা সাধারণত ব্যবহার করে থাকে রুশ সেনারা।

এই ঘটনাই তাদের মনে একটা আশঙ্কা তৈরি করে যে, এবার হয়তো তিমি মাছদেরও সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করেছে রাশিয়া। পরে এই জল্পনাই দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

নরওয়ের ডিরেক্টরেট অফ ফিসারির পক্ষ থেকে তিমিটির ছবি প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এরপর নরওয়ের বিভিন্ন সংবাদমাধ্যম সেটি দেখাতে থাকে। পরে ধীরে ধীরে সমগ্র বিশ্বের নজরে আসে।  

যা থেকে বিশ্বজুড়ে জল্পনা শুরু হয়, এবার তিমি মাছকেও সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া।  

ডেইলি মেলকে দেওয়া সাক্ষাৎকারে নরওয়ের আর্টিক ইউনিভার্সিটির অধ্যাপক এডুন রিকার্ডসেন জানান, ‘আমরা সকলেই জানি যে রাশিয়াতে তিমি মাছকে বন্দি হিসাবে রাখা হয়। এরাই মাঝে মাঝে সুযোগ বুঝে বন্দি দশা থেকে পালিয়ে যায়, এবং তাদের দেখতে পান জেলেরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত