বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলায় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাসের ফায়াারিং রেঞ্জে সেনাবাহিনীর বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এজন্য তারা আগাম কোনো নির্দেশনার জন্য অপেক্ষা করে না।
তিনি আরও বলেন, ইতিমধ্যে দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে সেনাবাহিনীকে স্থায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলায় সেনাবাহিনীর সকল ডিভিশন ও এরিয়া হেডকোয়ার্টারকে প্রস্তুত রাখা হয়েছে। সেনাবাহিনীর সংশ্লিষ্ট ডিভিশনগুলোর পক্ষ থেকে বেসামরিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে।
জেনারেল আজিজ আহমেদ বলেন, আমরা নিজেদের রক্ষা করার জন্য প্রস্তুতি নিয়েছি। যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে শুধু সতর্কতাই নয়, দুর্যোগের পূর্বে, দুর্যোগ চলাকালে বা দুর্যোগ পরবর্তী যে কোনো দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে।
এর আগে সেনাপ্রধান ফায়াারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ আটজন ফায়ারারকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও রানার্স-আপ ২৪ পদাতিক ডিভিশন দলের হাতে ট্রফি তুলে দেন।
এরপর সেনাপ্রধান সাভার সেনানিবাসে হকি গ্রাউন্ড ও আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল শফিকুর রহমান, ঢাকা ক্যান্টনমেন্ট লগ এরিয়ার জিওসি মেজর জেনারেল এসএম সফিউদ্দিন আহমেদ, নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, সেনা সদর দপ্তরের সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার উজ জামান।
