নগরের কোরবানিগঞ্জে গৃহবধূ রোকসানার হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার যুবক মো. সোহেল (৩৫)। গত বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম খাইরুল আমিনের আদালতে জবানবন্দি গ্রহণের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার দুপুরে নগরের কোরবানিগঞ্জ এলাকার নিজ বাসায় খুন হন রোকসানা বেগম (৪৫)। তিনি খাতুনগঞ্জের গম আমদানিকারক প্রতিষ্ঠান এমএ কাশেম ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আবুল কাশেমের স্ত্রী।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন দেশ রূপান্তরকে বলেন, রোকসানা খুনের দায়ে গ্রেপ্তার সোহেল খাতুনগঞ্জে ছোটখাটো ব্যবসা করত। ব্যবসায় লোকসানে তার ৫ মাসের বাসাভাড়া ২৮ হাজার টাকা বকেয়া পড়ে যায়। সোহেল টাকার জন্য রোকসানার বাসায় গিয়েছিল। টাকা না দিলে অস্ত্রের ভয় দেখিয়ে আদায়ের পরিকল্পনা ছিল। তিনি বলেন, টাকা না পেয়ে সোহেল রোকসানাকে ছুরিকাঘাত এবং বাসার ভেতরে আগুন লাগিয়ে দেয়। পালিয়ে যাওয়ার সময় রোকসানার ছেলে আব্দুল আজিজ (২১) ও প্রতিবেশী আব্দুস সোবহানকেও (৬২) ছুরিকাঘাত করে সে। পরে অভিযান চালিয়ে কর্ণফুলী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোকসানার স্বামী সোহেলের দূরসম্পর্কের মামা বলে জানান ওসি। গ্রেপ্তার সোহেলের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, জবানবন্দিতে টাকা না পেয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে সোহেল।
