দেশের আট জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবারের এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন। এর মধ্যে বাগেরহাটের রামপালে ট্রাক ও মাহেন্দ্রের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মালিডাঙ্গা চেয়ারম্যান মোড় এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। এদিন রাজশাহীর বাঘায় বাস উল্টে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। সকাল ৬টার দিকে উপজেলার মীরগঞ্জে এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। চুয়াডাঙ্গায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক করিমনচালক নিহত হয়েছেন। সকালে শহরের ডিঙ্গেদাহ বাজারে এ দুর্ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নসিমন উল্টে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।
বিকেলে জামালপুরের মেলান্দহে গাছের সঙ্গে সিএসজিচালিত অটোরিকশার ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। তিনি ইসলামপুর পৌর এলাকার বোয়ালমারী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন। জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ভাতখাওয়া এলাকায় রাত সাড়ে ১০টার দিকে ট্রাকচাপায় এক কাপড় ব্যবসায়ী নিহত হন। সকাল ৬টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত এক আটোরিকশা চালক নিহত হন। এ সময় আরও দুই সিএনজিচালক আহত হয়েছেন। সাভারে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দিন দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিএনজিচাপায় এক স্কুলছাত্রী আহত হয়। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। আগের দিন বুধবার সকাল ও সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর :
বাগেরহাট : কাটাখালী থানার ওসি রবিউল ইসলাম জানান, গতকাল সকালে রামপাল উপজেলার মালিডাঙা চেয়ারম্যানের মোড় এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে একটি মাহেন্দ্রের ধাক্কা লাগে। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মারা যান চালকসহ তিনজন। তারা হলেন সোহাগ (৩৫) ও সঞ্জিত ম-ল (৫০)। তাদের বাড়ি মোংলা উপজেলার চিলা গাববুনিয়া ও মাকড়ডোন এলাকায়। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজশাহী : জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, গতকাল ভোর ৬টার দিকে বাঘা থেকে রাজশাহী যাচ্ছিল রজনীগন্ধা নামের একটি বাস। উপজেলার মীরগঞ্জ মোড়ে একটি ভটভটিকে ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। নিহতরা হলেন উপজেলার ছাতারী গ্রামের সমসের আলীর ছেলে হানিফ (২৩), মনিগ্রাম বান্দাবটতলা গ্রামের মুনছার আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) এবং হরিরামপুর দাঁড়পাড়া গ্রামের নিয়াত আলীর স্ত্রী বাদলা বেগম (৪২)। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা : সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গতকাল সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদাহ বাজারে ট্রাকের ধাক্কায় কবির বিশ্বাস (৪২) নামে এক করিমনচালক নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার হাজরাহাটি গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ থানার এসআই রেজাউল করিম জানান, গতকাল বেলা ১১টার দিকে ধানকাটার জন্য কয়েকজন শ্রমিক নসিমনযোগে বরেন্দ্র অঞ্চল যাচ্ছিলেন। উপজেলার চককৃর্তির বিমর্ষী এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে রমজান আলী (৫০) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রমজান উপজেলার লাওঘাটা গ্রামের বাসিন্দা।
লক্ষ্মীপুর : সদর থানার ওসি লোকমান হোসেন জানান, লক্ষ্মীপুরে ট্রাকচাপায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক দুখু মিয়া (৩৫) নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইব্রাহিম ও নূর হোসেন নামে আরও দুই সিএনজিচালক আহত হন। নিহত দুখু রামগঞ্জ উপজেলার টামটা গ্রামের বাসিন্দা।
সাভার : সাভার মডেল থানার এসআই তারিকুল জানান, গতকাল সকালে রাস্তা পারাপারের সময় বাসচাপায় নূরজাহান (২৯) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি গাইবান্ধায়। তিনি পৌরসভার উলাইল এলাকার আল-মুসলিম গার্মেন্টসে চাকরি করতেন। ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে লাশ পাঠানো হয়েছে।
জামালপুর : মেলান্দহ থানার ওসি (তদন্ত) আবদুল মজিদ জানান, গতকাল বিকেলে উপজেলার দুরমুঠ ফুলতলা এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ইসলামপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই যাত্রী সাইফুল ইসলাম সরকার (৫০) নিহত হন। দুর্ঘটনায় আহত তিনজনকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে দেওয়ানগঞ্জ থানার ওসি এমএম মাইনুল ইসলাম জানান, গতকাল রাতে উপজেলার ভাতখাওয়া এলাকায় ট্রাকচাপায় ছামিউল হক (৩০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চর মাদার গ্রামের গোলাপ হোসেনের ছেলে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, গতকাল দুপুরে স্কুল থেকে ফেরার পথে দ্রুতগতির একটি সিএনজি স্কুলছাত্রী সাবিহা আক্তারকে চাপা দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাবিহা হাড়িয়া বৈদ্যপাড়া গ্রামের সেলিম মিয়ার মেয়ে। সে হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
নাটোর : বনপাড়া হাইওয়ে থানার ওসি আলিম হোসেন শিকদার জানান, গত বুধবার সন্ধ্যায় বনপাড়া-লালপুর সড়কের হারোয়া রহিমের বটতলা মোড়ে ব্যাটারিচালিত দুটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বনগ্রাম উপজেলার বাহিমালী গ্রামের মন্তাজ আলীর স্ত্রী জুলেখা (৩৬) নিহত হন। এর আগে সকালে নাটোর-পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক তারেক মারা যান। তিনি উপজেলার মালিপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
