আপনার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে মজার মজার প্রশ্নসহ নানা ফিচার দেখা যায় ফেইসবুকে। যার উত্তর দিয়ে অনেকেই তা নিজেদের ওয়ালে পোস্ট করতেও ভালোবাসেন। কিন্তু এবার সেসব মজার কুইজ আর খুঁজে পাওয়া যাবে না জনপ্রিয় এই সোশ্যাল প্ল্যাটফরমে। কারণ ব্যক্তিগত তথ্য ফাঁস রুখতে এবার কুইজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ফেইসবুক। ফেইসবুক থেকে বেআইনিভাবে তথ্য হাতানোর ঘটনায় অভিযুক্ত করা হয়েছিল উপদেষ্টা সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকাকে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষে সংস্থাটি প্রচারে অংশ নিয়েছিল। সে কারণে ফেইসবুক থেকে ডেটা চুরি করে তারা। তাদের তথ্য প্রভাব ফেলে নির্বাচনের প্রচারে। এরপরই বিতর্ক দানা বাঁধে। ফেইসবুক থেকে তথ্য চুরির অভিযোগে মার্চ থেকে গ্রাহক হারাতে থাকে কেমব্রিজ অ্যানালিটিকা। সেই ঘটনার পর থেকেই ইউজারদের তথ্য গোপন রাখতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে মার্ক জাকারবার্গের কোম্পানি। এরই ধারাবাহিকতায় এবার পার্সোনালিটি কুইজ নিষিদ্ধ করল সংস্থাটি। তবে, শুধু কুইজ নয়, এই প্ল্যাটফরমে আরও কিছু পরিবর্তন আনছে ফেইসবুক। নিজেদের পলিসি আপডেট থেকে শুরু করে কোনো অ্যাপ ব্যবহারের আগে তার রিভিউ-সংক্রান্ত বিষয় খুঁটিয়ে দেখা হবে। একটি বিজ্ঞপ্তিতে ফেইসবুকের পক্ষ থেকে জানানো হয়, ‘আমাদের পলিসি আপডেট করা হচ্ছে। সেখানেই নিষিদ্ধ হবে পার্সোনালিটি কুইজেস।
তা ছাড়া এই প্ল্যাটফরমে সব অ্যাপ ব্যবহারে অনুমতিও দেওয়া হবে না।’ এবার থেকে ইউজারদের শুধু সেসব প্রশ্নই করা হবে, যা অ্যাপ ব্যবহারে প্রয়োজন হবে। ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হবে না। কিন্তু যে অ্যাপগুলোকে ইউজাররা এরই মধ্যে অনুমতি দিয়ে রেখেছেন, সেগুলোর কী হবে? ফেইসবুক জানাচ্ছে, যদি কোনো ব্যবহারকারী ৯০ দিন তা ব্যবহার না করেন, সে ক্ষেত্রে সেই অ্যাপের মেয়াদ নিজে থেকেই ফুরিয়ে যাবে।
