বিস্ফোরিত ফোন নিয়ে আবার বিপাকে পড়েছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। এবার এক গ্রাহক দাবি করেছেন, তার গ্যালাক্সি এস১০ ফাইভজি স্মার্টফোনটি কোনো কারণ ছাড়াই বিস্ফোরিত হয়েছে। গ্রাহকের এই অভিযোগ মোটেও আমলে নিচ্ছে না প্রতিষ্ঠানটি।
এর আগে ২০১৬ সালে স্যামসাংয়ের বেশ কয়েকটি গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনে আগুন ধরে যায়। ওই সময় গ্যালাক্সি নোট ৭-এর সব ফোন প্রত্যাহার করে নেওয়া হয়। এতে প্রতিষ্ঠানটির কমপক্ষে ৫ বিলিয়ন পাউন্ড লোকসান হয়।
এএফপি জানিয়েছে, লি নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিস্ফোরিত ফোনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘কোনো কারণ ছাড়াই এমনটি হয়েছে।’
লি’র দাবি, ‘আমার ফোন টেবিলে রাখা ছিল। হঠাৎ পোড়া গন্ধ পাই। ধরতে গিয়ে প্রচ- গরমের কারণে মেঝেতে ফেলে দিতে বাধ্য হই। পরে দেখি ভেতরের সব পুড়ে গেছে।’
‘কোনো কারণ ছাড়া পুড়ে গেছে’ লি’র এমন দাবি মানতে নারাজ স্যামসাং। প্রতিষ্ঠানটির দাবি, কোনো বাহ্যিক প্রভাবের কারণে এমনটি হয়েছে। এখানে ফোনের কোনো সমস্যা নেই।
এএফপিকে স্যামসাংয়ের এক কর্মকর্তা বলেন, ‘লিকে ফোনের টাকা ফেরত কিংবা নতুন ফোন সরবরাহ করা হবে না। এস১০-এর ক্ষেত্রে এমন অভিযোগ এই প্রথম। তাই নোট ৭-এর পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই।’
