রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের কাছে সুনির্দিষ্ট পদক্ষেপ চেয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) চতুর্থ বৈঠকে এ আহ্বান জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব (এশিয়া ও প্যাসিফিক) মাহবুব উজ জামান। আর মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব (পার্মানেন্ট সেক্রেটারি) মিন্ট থো।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ লক্ষ্যে রাখাইনে প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরির ওপর জোর দেয় বাংলাদেশ। একই সঙ্গে রাখাইনে আইনগত ও প্রশাসনিক সব বাধা দূর করে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়েছে। এ ছাড়া মিয়ানমারের প্রতিনিধিদের কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগ করে স্থানান্তর প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানানো হয়।
বৈঠকে উভয় পক্ষই রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সম্মত হয়েছে বলে এতে জানানো হয়েছে।
