ঘূর্ণিঝড় 'ফণী'র কারণে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলার প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২৪ ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ সময় আটকে থেকে উভয় ঘাটে যাত্রীসাধারণ অমানুষিক দুর্ভোগ পোহাচ্ছেন। থেমে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া তাদের দুর্ভোগ বাড়িয়েছে।
শুক্রবার বেলা ৩টা থেকে এই রুটে চলাচলকারী সব ফেরি সাময়িক বন্ধ করে দেয় নৌ কর্তৃপক্ষ । শনিবার প্রাকৃতিক দুর্যোগে বন্ধ করে দেয়া হয় লঞ্চ ও সকল প্রকার নৌযান। এতে উভয় ঘাটে সহস্রাধিক যানবাহন আটকা পরে। যানবাহনের যাত্রী ও শ্রমিকরা পড়েছে মহা বিপাকে।
পাটুরিয়া ফেরি ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, ফণীর কারণে নদী উত্তাল রয়েছে, তাই নৌ দুর্ঘটনা এড়াতেই সাময়িক ভাবে পাটুরিয়া- দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী স্বাভাবিক হলে ও কর্তৃপক্ষের নির্দেশ পেলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে। পাটুরিয়া -দৌলতদিয়া নৌরুটের সব নৌযান নিরাপদে রাখা হয়েছে বলেও জানান তিনি।
উভয় ঘাটে আটকে থাকা যানবাহন কর্মীদের সাথে কথা বলে জানা যায়, পাটুরিয়া- দৌলতদিয়া ফেরি ঘাটে পণ্যবাহী ট্রাক, ছোট-বড় পরিবহন মিলে সহস্রাধিক যানবাহন অপেক্ষায় আছে। টানা ২৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে স্বীকার হচ্ছেন নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা।
অপরদিকে বৃহস্পতিবার থেকে ফণীর কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
