সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় আমাদেরই যথেষ্ট সামর্থ্য আছে

আপডেট : ০৫ মে ২০১৯, ০৩:১৬ এএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবিলায় বিদেশি সাহায্য নয়, আমাদেরই যথেষ্ট সামর্থ্য আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত গুটিয়ে নেওয়ার পক্ষে, হাত পাতার পক্ষে নন। গতকাল শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় ফণিতে এখন পর্যন্ত চারজনের প্রাণহানির খবর পেয়েছি। তাদের মধ্যে দুজন ঘর ধসে আর দুজন গাছচাপায় মারা গেছেন। তাদের জন্য দুঃখ ও শোক প্রকাশ করছি। চেষ্টা ছিল সবাইকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার। শেষ পর্যন্ত ১৬ লাখ ৪০ হাজার ৪১৭ জনকে আনতে সক্ষম হয়েছি। যে চারজন মারা গেছেন, তারা আশ্রয়কেন্দ্রে যাননি। ভবিষ্যতে টার্গেট থাকবে একজনও যেন আশ্রয়কেন্দ্রের বাইরে না থাকেন।’

তিনি বলেন, ‘আমরা সার্বিকভাবে প্রস্তুত ছিলাম। আল্লাহর অশেষ রহমতে বিপদ কেটে গেছে। আমাদের বিমানবাহিনী প্রস্তুত আছে ঘূর্ণিঝড়-পরবর্তী ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।’

সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপটেন (অব.) এ বি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. সামছুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত