পাকিস্তানে আগেও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে: ভারতীয় সেনা কর্মকর্তা

আপডেট : ০৫ মে ২০১৯, ০৪:৩২ পিএম

পাকিস্তানের সীমানায় ঢুকে আগেও সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলের আগে একাধিকবার এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন দেশটির সাবেক এক সামরিক কর্মকর্তা।

জি নিউজ জানায়,  মোদির আমলে ২০১৬ সালের সেপ্টেম্বরে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে বহু সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। সে সময় উত্তরাঞ্চলীয় কমান্ডো বাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুড়া।

এ দিকে নির্বাচনী প্রচারণায় মোদি সরকার দাবি করছে, পাক সীমানায় সার্জিক্যাল অ্যাটাক চালিয়ে সন্ত্রাস দমনে সাফল্য দেখিয়েছে তারা। এর বিপরীতে কংগ্রেসও দাবি করছে, তাদের আমলে পাক অধিকৃত কাশ্মীরে মোট ৬টি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল।

এ নিয়ে হুড়া বলেন, “অতীতে একাধিকবার পাক সীমান্তে অভিযান করেছে ভারতীয় সেনা। কোথায় ও কখন তা করা হয়েছে তা সঠিক বলতে পারব না।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কংগ্রেস দাবি করে, ২০০৪-২০১৪ সাল পর্যন্ত মনমোহন সিংয়ের আমলে মোট ৬টি সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে। এ রকম গোপন অভিযানকে নিয়ে তারা কখনো রাজনীতি করেনি।

এ দিন জেনারেল হুড়া বলেন, “সেনাবাহিনীকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। এর ফলে সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি ক্ষতির সম্মুখীন হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত