রাজধানীতে বাসের ধাক্কায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট : ০৫ মে ২০১৯, ০৮:০৯ পিএম

রাজধানীর বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোজাম্মেল হক (৪৮) নামের এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার সকাল ১০ টার দিকে বিমানবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মোজাম্মেল হককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি গ্রামীণ ব্যাংকের রূপগঞ্জ শাখার সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গ্রামের বাড়ি ধামরাইয়ের বাথুলী।

বিমানবন্দর থানার এসআই শরিফ হোসেন জানান, সকাল ১০ টার পরে বিমানবন্দর ও লা-মেরিডিয়ান হোটেলের মধ্যবর্তী পদ্মা ওয়েল পাম্প গেট এর সামনে বিমানবন্দরগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেল আরোহী মোজাম্মেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা উইমেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হয়। দুপুর দুইটার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। ধাক্কা দেওয়া বাসটি জব্দ করা গেলেও তার চালক পালিয়ে গেছে।

গ্রামীণ ব্যাংকের রূপগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মো. আনিসুর রহমান জানান, মোজাম্মেল গ্রামীণ ব্যাংকের রূপগঞ্জ শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মোটরসাইকেলের কাগজপত্র ঠিক করতে উত্তরা গিয়েছিলেন তিনি। তখন সড়ক দুর্ঘটনার শিকার হন।

তিনি আরও জানান, মোজাম্মেল ৩ ছেলের জনক। স্ত্রী ও ছেলেরা থাকেন সাভারে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত