মুনতাসীর মামুনের জিডি, সুলতানা কামালের নিরাপত্তায় পুলিশ

আপডেট : ০৫ মে ২০১৯, ১০:৩২ পিএম

জঙ্গিগোষ্ঠীর হত্যার হুমকির পর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন।

রবিবার বেলা ১২ টায় রাজধানীর ধানমন্ডি থানায় লিখিত অভিযোগ জানান তিনি। অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

এদিকে একই হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে সুলতানা কামালের করা জিডির পর তার বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাসায় আসা মানুষের খোঁজখবর রাখা হচ্ছে। এ ছাড়া বাসার সামনের সড়কে সার্বক্ষণিক টহল পুলিশের ব্যবস্থা করা হয়েছে।  

ধানমন্ডি থানার ওসি তদন্ত মো. পারভেজ ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, ‘বেলা ১২টার দিকে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অধ্যাপক মুনতাসীর মামুন। এ ছাড়া সুলতানা কামালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাসার সামনে সিসি টিভি ক্যামেরা বসাতে বলা হয়েছে। টহল পুলিশ সার্বক্ষানিক নিরাপত্তায় কাজ করছে।’

সম্প্রতি মানবাধিকারকর্মী সুলতানা কামালসহ তিন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা ও শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন পত্রিকা লোনউলফে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই অনলাইন পত্রিকায় ‘আমাদের টার্গেট’ শিরোনামের একটি অধ্যায়ে বাংলাদেশ ও ভারতের কাদের ওপর হামলা করা হতে পারে তাদের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি জিডি করেছেন সুলতানা কামাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত