ফেনীর সোনাগাজীতে অষ্টম শ্রেনীর এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় দুইজনকে আটক করেছে করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় উপজেলার চরচান্দিয়া থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ফণীর দমকা হাওয়া শুরু হলে প্রতিবেশীদের সঙ্গে আশ্রয়ন কেন্দ্রে যাওয়ার সময় স্থানীয় হাজী তোফায়েল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রকে তুলে নিয়ে বলাৎকার করে একই গ্রামের দুই যুবক।
নির্যাতিত স্কুল ছাত্র বিষয়টি তার পরিবারকে জানালে তারা স্থানীয় চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলনকে অবহিত করেন।
রবিবার সন্ধ্যায় চেয়ারম্যান একই গ্রামের নবী মিয়ার ছেলে গোলাম মাওলা রাসেল (২৫) ও ওয়াহিদ মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেন।
মোশাররফ হোসেন মিলন জানান, স্কুল ছাত্রের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরপর তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় নির্যাতিত স্কুল ছাত্রের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
