ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট : ০৬ মে ২০১৯, ০২:১৫ এএম

সাইক্লোন ‘ফণি’র কারণে ক্ষয়ক্ষতি নিরূপণের পর ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ের কারণে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি

গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে সংশ্লিষ্ট এলাকার উপজেলা ও জেলা প্রশাসন, সরকারের বিভিন্ন বিভাগ, জনপ্রতিনিধি এবং বেসরকারি সংস্থাগুলো এরই মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণে সরেজমিন মাঠে কাজ করছে। সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে গেছেন। ক্ষয়ক্ষতি নিরূপণে সহায়তা করার জন্য বিমানবাহিনী হেলিকপ্টারযোগে উপকূলীয় এলাকায় জরিপ কাজ পরিচালনা করছে। এছাড়া রবিবার সকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ঘূর্ণিঝড় ফণির আঘাত-পরবর্তী করণীয় বিষয়ে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনামূলক সভা করেন। তিনি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত জেলাগুলোর প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার নির্দেশ দেন। সরকারের দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশগুলো অনুসরণ করে সংশ্লিষ্ট সবাই যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, মুখ্য সচিব তা নিশ্চিত করারও নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত