এসএসসি পরীক্ষায় ফেল করায় চুয়াডাঙ্গায় এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ওই শিক্ষার্থী গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। ওই শিক্ষার্থীর নাম আসমা বেগম সুমাইয়া (১৫)। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার আনোয়ার হোসেনের মেয়ে।
ওই শিক্ষার্থীর বাবা আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে সামাইয়া এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। শ্রেণিকক্ষে ভালো পড়াশুনা ও স্কুলের পরীক্ষায় ভালো ফলাফল করলেও এসএসসি পরীক্ষার ফল খারাপ হয়। এতে পরিবারের সকলের অজান্তে দুপুরে নিজ কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান।
পরে পরিবারের লোকজন টের পেয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীম রেজা জানান, গলায় দড়ি দিয়ে বেশিক্ষণ ঝুলন্ত অবস্থায় থাকায় তার অবস্থা শঙ্কটাপন্ন। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী রেফার্ড করা হয়েছে।
