বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ০৬ মে ২০১৯, ০৩:০৫ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে সোমবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে উভয় দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবোঝাই ট্রাক। বিশেষ করে পচনশীল পণ্যসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিজ ও শিল্প কলকারখানার কাঁচামাল আটকে আছে।

ভারতের পেট্রাপোল স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোট উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নির্দেশে আজ পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় এ পথে বাণিজ্য স্বাভাবিক হবে।

তিনি আরো জানান, নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি-রপ্তানি বন্ধের পাশাপাশি সীমান্তের অবৈধ পথে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিরাপত্তা জোরদার করেছে। বৈধ পথেও যেন পাসপোর্টযোগে কোনো দ্বৈত নাগরিক ভোট প্রয়োগের জন্য প্রবেশ করতে না পারে সেদিকেও সতর্ক রয়েছে ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ।

বেনাপোল স্থলবন্দর উপপরিচালক মামুনুর রহমান জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিভিন্ন স্থানে লোকসভা নির্বাচনের কারণে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরে মালামাল ওঠানামাসহ পণ্য খালাস অব্যাহত আছে।

মঙ্গলবার সকাল থেকে দু’দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি যথানিয়মে চলবে। তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত সচল রয়েছে বলে জানান ইমিগ্রেশন ওসি আবুল বাশার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত