জরিপ

প্রতিদিন ঘণ্টাখানেক পরনিন্দা না করলে শান্তি নেই

আপডেট : ০৬ মে ২০১৯, ১১:২৬ পিএম

অবসর সময়ে আমরা কী করি? কিংবা কাজের ফাঁকেও প্রায়ই কোন আলোচনা আমাদের উদ্দীপ্ত করে? এই প্রশ্নগুলোর জবাব হচ্ছে-গসিপ।

আচ্ছা, গসিপ করতে কার না ভালো লাগে? স্কুল, কলেজ, অফিস, বাড়ি- সব জায়গাতেই  সময় কাটানোর জন্য আমরা প্রত্যেকেই কম-বেশি গসিপ করে থাকি।

আবার অনেকের গসিপ না করলে সারাদিনের খাবার হজম হয় না! গসিপ নিয়ে সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয় এ নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে।

ক্যালিফোর্নিয়া-রিভারসাইড বিশ্ববিদ্যালয়ের ওই সমীক্ষায় উঠে এসেছে একজন মানুষ প্রতিদিন মোট ৫২ মিনিট গসিপ করেন।

প্রথমে সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, মানুষ কোন সময় বেশি গসিপ করে? কী কী বিষয়ে গসিপ করতে মানুষ পছন্দ করেন? পরে এগুলি নিয়ে সমীক্ষা চালাতে গিয়েই ৫২ মিনিটের তথ্য সামনে আসে গবেষকদের।

এরই সঙ্গে বলা হয়েছে, কমবয়সিরা নেতিবাচক গসিপ করতে পছন্দ করেন। কম আয়ের লোকেরা কম গসিপে বিশ্বাসী।

গসিপ নিয়ে এই সমীক্ষাটি চালানো হয়েছিল ৪৬৭ জন লোকের উপর। এদের মধ্যে ২৬৯ জন নারী ও বাকিরা পুরুষ। ১৮ থেকে ৫৮ বছর বয়সি মানুষ ছিলেন এই সমীক্ষায়।

জরিপে অংশ নেওয়াদের কথোপকথন রেকর্ড করার জন্য প্রত্যেকের শরীরে লাগানো হয়েছিল পোর্টেবল ডিভাইস। সারাদিনের কথার মধ্যে থেকে ১০ শতাংশ রেকর্ড করেছে ওই ডিভাইস। সেখান থেকেই গবেষকরা গসিপের ধরন ও সময়ের পরিমাণ জানতে পেরেছেন।

জরিপে অনুপস্থিত ব্যক্তিকে নিয়ে চর্চাকেই গসিপ বলে বিবেচনা করা হয়েছে। এই জরিপে এটাও উঠে এসেছে যে নারীরা পুরুষদের তুলনায় পরনিন্দা বা পরচর্চায় বেশি আগ্রহী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত