কোহলির সঙ্গে ঝগড়ায় দরজা ভাঙলেন আম্পায়ার

আপডেট : ০৭ মে ২০১৯, ১০:৩৯ পিএম

আইপিএলের শুরু থেকেই এবার ছিল নানা বিতর্ক। যার অন্যতম একটি আম্পায়ারিং। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে মহেন্দ্র সিং ধোনিকে ডাগ আউট থেকে মাঠে চলে আসতেও দেখা গেছে। বিরাট কোহলি প্রকাশ্যে সমালোচনা করেছেন আম্পায়ারের সিদ্ধান্তে।

আর এবার তো সামনে এল আরেক চাঞ্চল্যকর তথ্য। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে আম্পায়ার রুমের দরজা ভেঙেছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার নাইজেল লং!

ঘটনাটা ঘটেছে ৪ মে। এদিন বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ম্যাচ ছিল। হায়দরাবাদ ইনিংসের শেষ ওভারে উমেশ যাদবের বল ‘‌নো’ ডাকেন আম্পায়ার লং। তা নিয়েই বিপত্তি।

সিদ্ধান্তটির প্রতিবাদ জানান কোহলি। এগিয়ে আসেন বোলারও। দুই ক্রিকেটারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন লং। জায়ান্ট স্ক্রিনে অবশ্য দেখা গেছে উমেশ যাদবের বলটি বৈধই ছিল। আম্পায়ার অবশ্য নিজের সিদ্ধান্ত বদলাননি।

এদিকে হায়দরাবাদ ইনিংসের শেষে আম্পায়ার রুমের দরজায় লাথি মেরে বসেন লং। এই ঘটনায় জরিমানাও গুনতে হয়েছে লংকে। বিসিসিআইয়ের জেরার সামনেও পড়তে হতে পারে।

মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে আইপিএলের প্লে-অফ পর্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত