বান্দরবানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিনয় তঞ্চঙ্গ্যা (৩৫) নামে জনসংহতি সমিতির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার রাত ১১টার দিকে বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরাধন তঞ্চঙ্গ্যা (৩২) নামে আরেক কর্মীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আরাকান লিবারেশন আর্মি (এএলপি) সমর্থিত স্থানীয় মগ বাহিনী নামে একটি সন্ত্রাসী সংগঠন এই হামলা চালিয়েছে বলে জনসংহতি সমিতি অভিযোগ করেছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালী বাজারে অস্ত্রধারীরা হামলা চালায়। এ সময় জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা এবং পুরাধন তঞ্চঙ্গ্যাকে ধরে নিয়ে যায়।
রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা বলেন, নিহত বিনয় তঞ্চঙ্গ্যার বাড়ি রাঙ্গামাটি জেলায়। তিনি তাইংখালী বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন। তিনি রাতে তার দাদা শ্বশুরের বাড়িতে ছিলেন। সেখান থেকে তাকে ডেকে বের করে গুলি করেছে সন্ত্রাসীরা।
জনসংহতি সমিতি বান্দরবান জেলা শাখার সভাপতি উছোমং মারমা অভিযোগ করে বলেন, নিহত এবং অপহৃত দুজনই আমাদের সক্রিয় কর্মী। আরাকান লিবারেশন আর্মি (এএলপি) সমর্থিত স্থানীয় মগ বাহিনী নামে একটি সন্ত্রাসী সংগঠন এই হামলা চালিয়েছে বলে আমরা জানতে পেরেছি।’
পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, ‘খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেনাসদস্যরাও সেখানে গেছেন। অপহৃতকে উদ্ধারে যৌথভাবে অভিযান চলছে।’
