বিজেপির মন্ত্রীরা গরু পাচার করেন: প্রমাণ আছে বললেন মমতা

আপডেট : ০৯ মে ২০১৯, ০৩:৪৫ পিএম

লোকসভা নির্বাচন নিয়ে ক্ষমতাসীন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য থামছে না। এবার বিজেপি নেতারা গরু পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে সারদা-নারদা নিয়ে আক্রমণ করেন।

এর প্রতিক্রিয়ায় এক সভায় তৃণমূল নেত্রী অভিযোগ করেন, “বিজেপি নেতাদের গরু পাচারের সমস্ত প্রমাণ আমার কাছে আছে। পেন ড্রাইভে সব আছে। অন্তত ৪-৫ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সব প্রমাণ আমি নিয়ে রেখেছি।”

এ ছাড়া তৃণমূল নেতারা দুর্নীতিবাজ, মোদির এই অভিযোগের জবাবে মমতা বলেন, “যা অভিযোগ করছেন, তার কিছুই প্রমাণ নেই। প্রমাণ করুন। যদি পারেন ৪২ কেন্দ্রের প্রার্থী তুলে নেব। আর যদি না পারেন কান ধরে ওঠবস করুন।”

নির্বাচনে প্রভাব বিস্তার করতে  মোদি কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে ব্যবহারের অভিযোগও তোলেন মমতা।

তিনি বলেন, “বাংলার মানুষকে অসুবিধায় ফেলতেই এই গরমে এত দফার ভোট করাচ্ছে বিজেপি। শুধু তাই নয়, সব রাজ্য ঘুরে এখন বাংলায় এসে ঘাঁটি গেড়েছে দুর্যোধন আর দুঃশাসন।”

পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে দুর্গাপূজা করতে দেওয়া হয় না মোদির এমন অভিযোগেরও জবাব দেন মমতা।

মুখ্যমন্ত্রীর বলেন, “রাজ্যে এসে বড় বড় মিথ্যা কথা বলেন মোদী। আমরা নাকি এখানে দুর্গাপুজো করতে দিই না। মা দুর্গার ক'টা হাত উনি জানেন? দেশের সবচেয়ে বড় দুর্যোগ মোদী।”

এ ছাড়া মাওবাদী সমস্যা নিয়েও বিজেপি সরকারকে কাঠগড়ায় তোলে মোদি সরকারকে ‘এবার বিদায়’ দিতে জনগণের প্রতি অনুরোধ জানান মমতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত