ব্যবসায় ১১৭ কোটি ডলার ক্ষতি দেখিয়ে কর ফাঁকি ট্রাম্পের

আপডেট : ০৯ মে ২০১৯, ০৫:৫২ পিএম

ব্যবসায় ১১৭ কোটি ডলারের ক্ষতি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। তবে প্রেসিডেন্ট পদে থাকাকালীন নয়। এটি ১৯৮৫ থেকে ১৯৯৪ সালের মধ্যে।

একটি মার্কিন দৈনিক ওই সময়ের কর সংক্রান্ত তথ্য থেকে এমনটাই দাবি করেছে। মূলত ক্যাসিনো, হোটেল এবং জমিবাড়ি ব্যবসায় তার এই বিপুল ক্ষতি হয়েছিল। আর এই ক্ষতির অঙ্ক দেখিয়ে কর মকুবের সুযোগ নিয়েছিলেন তিনি। 

মার্কিন দৈনিকটির প্রতিবেদনে স্বভাবতই ক্ষেপেছেন প্রেসিডেন্ট। বুধবার ট্রাম্প টুইটে বেশ ভালোই রাগ ঝেরেছেন, ‘৮০-৯০-এর দশকে এই রকম বিপুল পরিমাণ ক্ষতির জেরে অনেক জমিবাড়ি ব্যবসায়ীই কর মকুব হয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। একটা অত্যন্ত পুরনো তথ্য ভুল ভাবে দেখানো হচ্ছে। ফেক নিউজ় হিট জব!’

প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে নিজেকে ধনকুবের ব্যবসায়ী বলে দাবি করে নজর কেড়েছিলেন ট্রাম্প। বাবার জমিবাড়ি ব্যবসা থেকে ৪১ কোটি ৩০ লক্ষ ডলারের সম্পদ বছর তিনেক বয়স থেকেই ট্রাম্পের কাছে চলে এসেছিল বলে আগে জানিয়েছিল দৈনিকটি। 

কিন্তু নিজের আয়কর দেওয়ার রেকর্ড কখনওই প্রকাশ্যে আনেননি প্রেসিডেন্ট। মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে বহু বার সে দাবি উঠলেও ট্রাম্প সচেতন ভাবেই এ ব্যাপারে এক পা-ও এগোননি।

সোমবার ‘হাউস ওয়ে‌জ  অ্যান্ড মিনস কমিটি’ গত ছ’বছরে ট্রাম্পের দেওয়া আয়কর-রেকর্ড জানতে চেয়েছিল। সংশ্লিষ্ট দৈনিকটির কাছে ওই সময়কার কর দানের কোনো রেকর্ড নেই। মার্কিন করসচিব জানিয়েছেন, সেই তথ্য দেওয়া যাবে না। 

শুধু ১৯৯০ থেকে ’৯১ সালের মধ্যে ট্রাম্পের মূল ব্যবসায় প্রতি বছরে ক্ষতির পরিমাণ ২৫ কোটি ডলারেরও বেশি বলে জানিয়েছে দৈনিকটি। এত ক্ষতি হয়েছিল বলেই এর পর থেকে প্রায় আট-দশ বছর আয়কর দিতে হয়নি ডোনাল্ড ট্রাম্পকে— দাবি ওই দৈনিকের।

অতীতে এই দৈনিকটিই দাবি করেছিল, ৯০-এর দশকে ট্রাম্প তার বাবা-মাকেও আয়কর এড়িয়ে যাওয়ার পথ খুঁজতে সাহায্য করেছিলেন। এবং সেটা পুরোপুরি জালিয়াতির পথেই ঘটেছিল।

সূত্র: ওয়াশিংটন পোষ্ট

×
সর্বশেষ সর্বাধিক পঠিত