দুর্নীতির দায়ে স্ত্রীসহ হাইকোর্টের কর্মকর্তার ৩ বছর সাজা

আপডেট : ০৯ মে ২০১৯, ১০:০৩ পিএম

দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বাংলাদেশ হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম ফারুক ও তার স্ত্রী সৈয়দা মমতাজকে তিন বছরের সাজা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়। সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. মোকারম হোসেন এ খবর নিশ্চিত করেন।

রায় থেকে জানা যায়, গোলাম ফারুককে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ৭০ লাখ ৫১ হাজার ২৯৬ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

স্বামীর অর্জিত সম্পদ বেনামদার হিসেবে দখলে রেখে স্বামীকে অপরাধে সহযোগিতা করার অপরাধে সৈয়দা মমতাজকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও দণ্ডবিধির ১০৯ ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এমনকি গোলাম ফারুকের দখলে থাকা অবৈধ সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত