জাপায় গণপদোন্নতি ক্ষোভে এমপি খোকার পদত্যাগ

আপডেট : ১০ মে ২০১৯, ০২:৩১ এএম

জ্যেষ্ঠতা উপেক্ষা করে হঠাৎ গণপদোন্নতি দেওয়ায় জাতীয় পার্টিতে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হঠাৎ করেই একসঙ্গে আট নেতাকে প্রেসিডিয়াম মেম্বার পদে পদোন্নতি দেন। এ নিয়ে ভীষণ ক্ষুব্ধ দলের সিনিয়র নেতারা। পদোন্নতি না পাওয়ায় ক্ষোভে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ ছেড়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। পদত্যাগপত্র জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে যুববিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মো. বেলাল হোসেন।

এ ব্যাপারে লিয়াকত হোসেন খোকা দেশ রূপান্তরকে বলেন, এভাবে দল চলতে পারে না। কোনো কিছুতেই কোনো নিয়ম মানা হচ্ছে না। পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন হচ্ছে। এসব কারণেই আমি পদত্যাগ করেছি। সর্বশেষ যে পদোন্নতি দেওয়া হলো, সেখানে অযোগ্যদের প্রেসিডিয়াম মেম্বার করা হয়েছে। এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে ‘এসব বিশৃঙ্খলা’ চলছে বলেও দাবি করেন তিনি।

তবে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ ছাড়লেও দল থেকে পদত্যাগ করেননি বলে জানান দলের এই এমপি। তিনি বলেন, ‘আমি এখনো জাপার কর্মী। দলের প্রতিষ্ঠালগ্ন থেকে এরশাদের সঙ্গে আছি। ভবিষ্যতেও থাকব। এরশাদ আমার নেতা। এরশাদের কর্মী হিসেবে কাজ করে যাব।’

গতকাল পার্টির প্যাডে এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে সৈয়দ দিদার বখত, কাজী মামুনুর রশিদ, জাফর ইকবাল সিদ্দিকী, নাজমা আখতার এমপি, আবদুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি ও এমরান হোসেন মিয়াকে প্রেসিডিয়াম মেম্বার করার ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর ছয়জনে প্রেসিডিয়াম মেম্বার করেছিলেন জাপা চেয়ারম্যান। গতকাল নতুন করে আরও আটজনকে পদোন্নতি দেওয়ায় এখন দলে প্রেসিডিয়াম মেম্বারের সংখ্যা দাঁড়াল ৫৫। এছাড়া এরশাদের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে মাহমুদুর রহমান মাহমুদকে।

এ নিয়ে ক্ষুব্ধ দলের সিনিয়র নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক প্রেসিডিয়াম মেম্বার দেশ রূপান্তরকে বলেন, জি এম কাদেরের সম্মতিতেই একসঙ্গে আটজনকে প্রেসিডিয়াম মেম্বার করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের অনেকেই ছিলেন স্থানীয় পর্যায়ের নেতা। এক লাফে প্রেসিডিয়াম মেম্বার হয়ে গেছেন। এতে দলের চেইন অব কমান্ড নষ্ট হচ্ছে। যাদের পদোন্নতি দেওয়া হয়েছে তাদের মধ্যে বর্তমান পদ-পদবির দিক দিয়ে এমপি খোকার অনেক জুনিয়রও প্রেসিডিয়াম মেম্বার হয়েছেন।

গত শনিবার মধ্যরাতে বারিধারার বাসায় সবার সামনে ছোট ভাই জি এম কাদেরকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন এরশাদ। তখন বলেছিলেন, তার অসুস্থতার কারণে দলের দৈনন্দিন কাজের ক্ষতি হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের তার অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তিনি। দায়িত্ব নেওয়ার পরদিন সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেছিলেন, জাপায় দীর্ঘদিন ধরে চলা কথায় কথায় পদোন্নতি ও বহিষ্কারের রীতি বন্ধ করবেন। দলে যোগ দিয়েই আর কেউ প্রেসিডিয়াম মেম্বার হতে পারবেন না। দলে শৃঙ্খলা ফেরাতে চান তিনি। অথচ এ ঘোষণার চার দিনের মাথায় গতকাল গণপদোন্নতির ঘটনা ঘটল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত